সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ১৩:৫০ পিএম
আপডেট : ১১ মে ২০২৬ ১৩:৫৮ পিএম
সিঁধ কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে সোবাহান প্রামানিক নামে এক দুগ্ধ সমিতির ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই ম্যানেজারের স্ত্রীর দুই হাত কেটে ফেলা হয়।
উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি দত্তপাড়া গ্রামে রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত সোবাহান প্রামানিক ওই এলাকার মৃত শুকুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, রবিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরের সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা সোবহান প্রামানিককে এলোপাতাড়ি মাথায় কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সোবাহানের স্ত্রী বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দু হাত কেটে ফেলে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি বলেন, “পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”