বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ১২:০৩ পিএম
শার্শার খাজুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
যশোরের শার্শা উপজেলায় সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
উলাশী ইউনিয়নের খাজুরা এলাকায় সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) এবং একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৩৮)।
পুলিশ জানায়, সকালে খাজুরা এলাকায় দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা গুরুতর আহত তোজাম্মেল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, দুর্ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করে হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।