জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ ১৯:৪২ পিএম
আপডেট : ১০ মে ২০২৬ ২০:২৮ পিএম
প্রতীকী ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে আনাস আলী (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পরিত্যক্ত টিনশেড ঘর থেকে রবিবার সকাল ৯টার তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আনাস জগন্নাথপুর পৌরসভার আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, আনাস আলী গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বাড়িতে অনিয়মিত থাকতেন এবং অধিকাংশ সময় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।
রবিবার সকালে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল সংলগ্ন দক্ষিণ পাশের একটি বন্ধ টিনশেড ঘরে স্থানীয়রা তাকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, “আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।