কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ ১৯:২১ পিএম
প্রতীকী ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চন্দনাথ সাহা (৬৩) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলা কালিহাতী পৌরসভার কর্মকারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় রবিবার এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার চন্দনাথ সাহা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা। তিনি গত প্রায় দুই বছর ধরে কালিহাতী পৌরসভার কর্মকারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রবিবার দুপুরে শিশুটি পাশের একটি ঘরে গামছা আনতে গেলে একা পেয়ে অভিযুক্ত চন্দনাথ সাহা তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালান। এ সময় শিশুটির চিৎকারে এবং ধস্তাধস্তির একপর্যায়ে সে পালিয়ে এসে তার মাকে বিষয়টি জানায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে ঘরের ভেতর আটকে রেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চন্দনাথ সাহাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চন্দনাথ সাহার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের পর টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।