ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ ১৮:২১ পিএম
ফেনী বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনী সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন রবিবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে চট্টগ্রামের জোরারগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা।
অভিযানে পণ্য চোরাচালানে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।