কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ ১৪:৫০ পিএম
কালিয়াকৈরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি পিকআপভ্যান পুড়িয়ে দেয় ক্ষুব্ধরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় একটি পিকআপভ্যান পুড়িয়ে দেওয়া হয়।
উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বাগচালা এলাকায় বাহাদুর মিয়া ও আবু বক্করের খামার থেকে গরু বের করার চেষ্টা করলে স্থানীয়রা টের পায়। পরে তিন জনকে ঘেরাও করে হাত-পা বেঁধে পিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানার অধীনস্থ ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়।
ফুলবাড়িয়া ১ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজ উদ্দিন মোল্লা বলেন, “গত কয়েকদিন ধরেই এই এলাকায় চোরের উৎপাত বেড়েছে। গতকাল মধ্যরাতে পিকআপভ্যান নিয়ে চোর এলাকায় প্রবেশ করে। তারা গরু চুরির প্রস্তুতি নিলে এলাকাবাসী টের পায়। এলাকার শতাধিক জনতা একত্রিত হয়ে তাদের ধোলাই দেয়। পরে পুলিশ এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে।”
স্থানীয় মসজিদের ইমাম মুফতি আতাউর রহমান বলেন, “চোরের উপদ্রব বাড়ায় এলাকার লোকজন কয়েকদিন ধরেই রাতে সজাগ রয়েছে। আজ ভোর সাড়ে তিনটার দিকে চোরের উপস্থিতি টের পেয়ে এলাকার লোক একত্রিত হয়ে তাদের আটক করে। পরে পিটুনি দেয় এবং তাদের গাড়ি পুড়িয়ে দেয়।”
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “৩ জনের মরদেহ উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তদের সাথে থাকা একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”