নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১০ মে ২০২৬ ১৪:২৬ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
তাদের সবাইকে গুরুতর অবস্থায় ঢাকায় ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার উত্তর ভূঁইগড়ের গিরিধারা এলাকায় রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মো. শাহজাহান মিয়া নামে একজনের আটতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাট এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)।
বিস্ফোরণের পরপরই আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস জানায়, বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরসংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে কক্ষে গ্যাস জমে ছিল।
তিনি জানান, সকালে বাসার ভাড়াটিয়া সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটারও উদ্ধার করা হয়েছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে।
তিনি বলেন, মো. কালামের শরীরের ৯৫ শতাংশ, তার স্ত্রী সালমার ৬০ শতাংশ, ছেলে মুন্নার ৩০ শতাংশ, মেয়ে মুন্নির ৩৫ শতাংশ ও কথা’র ৫২ শতাংশ দগ্ধ হয়েছে।