গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ ০০:০৪ এএম
প্রতিকী ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীতে খালাবাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১০ বছরের এক শিশু । বৃহস্পতিবার (৭ মে) কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটি পরিবারের সদস্যদের জানালে তাকে ওইদিন সন্ধ্যায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি রবিবার (৩ মে) সদর উপজেলার বনগ্রামের নানি বাড়ি থেকে খালাবাড়ি নিজামকান্দিতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজামকান্দি পুর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে গোসল করার কথা বলে ডেকে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ও ভয়ভীতি দেখায়।
পরে ভুক্তভোগী শিশু ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে ওইদিন সন্ধ্যায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ভুক্তভোগীর খালু শরিফুল ইসলাম জানান, মাঠে ধান কাটা চলছে, এজন্য পরিবারের সবাই ব্যস্ত। আমার একটি শিশুসন্তান রয়েছে- তাকে দেখাশোনা করার জন্য শ্যালিকার মেয়েকে নিয়ে আসা হয়। কিন্তু নিজামকান্দি পূর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবীতোষ বিশ্বাস বলেন, ধর্ষণের শিকার হয়েছে এমন একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ চাইলে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে।