ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৬ ২৩:৪৬ পিএম
প্রতিকী ছবি
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে ১১ বছরের শিশুকে টাকা দেওয়ার প্রলোভনে একাধিকবার বলাৎকার করেছেন ৩ বৃদ্ধ। এ ঘটনা জানাজানি হওয়ার পর শনিবার (৯ মে) শিশুটির বাবা ওই ৩ জনের নামে ফেনী মডেল থানায় মামলা করেন।
অভিযুক্তরা হলেন- দক্ষিণ কাশিমপুর এলাকার আলাউদ্দিন (৫০), মুছা মিয়া (৬০) ও আবদুর রাজ্জাক (৬২)।
এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি দোকানে কাজ করে ভুক্তভোগী শিশুটি। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিভিন্ন সময়ে দক্ষিণ কাশেমপুর গ্রামের একটি ঝোপের ভেতরে নিয়ে তাকে জোরপূর্বক বলাৎকার (ধর্ষণ) করে আলা উদ্দিন, রাজ্জাক ও মুছা মিয়া। শনিবার ফের শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে এলাকাবাসী আলাউদ্দিনকে আটক করে গণধোলাই দেয়। এ সময় অন্য অপরাধীরা পালিয়ে যায়। এরপর শিশুটি পরিবারকে আগের ঘটনা জানায়।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, অভিযুক্তরা বিকৃত মানসিকতার। তারা ভয়ভীতি ও টাকার লোভ দেখিয়ে আমার ছেলেকে নির্যাতন করেছে। আমি ওই তিনজনের নামে থানায় অভিযোগ দিয়েছি।
ফেনী সদর থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।