বগুড়া অফিস
প্রকাশ : ০৯ মে ২০২৬ ১৫:৪২ পিএম
আপডেট : ০৯ মে ২০২৬ ১৮:৩৭ পিএম
বগুড়ায় পুকুর থেকে উদ্ধার হওয়া একদিন বয়সি নবজাতকের মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ায় পুকুর থেকে একদিন বয়সি এক নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা ও সৎ বাবাকে আটক করা হয়েছে।
সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
তিনি বলেন, “উদ্ধার হওয়া নবজাতকটি একদিন বয়সী ছেলে শিশু। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে”।
পুলিশ জানায়, এ ঘটনায় শিশুটির মা নিপা ও বাবা দুলালকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি ইব্রাহীম আলী আরও বলেন, “গেল রমজান মাসে নিপার বিয়ে হয়। ধারণা করা হচ্ছে, নবজাতকটি আগের স্বামীর সন্তান হতে পারে। এ কারণেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়ে থাকতে পারে”।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।