চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ মে ২০২৬ ২২:০৫ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬ ২২:০৫ পিএম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, যারা দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে বহিষ্কার করে পুলিশের হাতে তুলে দিতে হবে।
নগরের লাভ লেইনের স্বরনিকা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময় সভায় শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চসিক মেয়র বলেন, পদ-পদবী বড় বিষয় নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের পাশে থাকাই প্রকৃত রাজনীতি। আমরা শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে রাজনীতি করি। এই দলকে ভালোবেসেই আমরা রাজপথে আছি।
নেতাকর্মীদের উদ্দেশে শাহাদাত হোসেন বলেন, হতাশা মানুষকে দুর্বল করে দেয়। দল ক্ষমতায় এসেছে মাত্র দুই মাস হয়েছে, তাই ধৈর্য ধরতে হবে।
তিনি অভিযোগ করেন, কিছু সুবিধাবাদী ব্যক্তি স্বার্থের জন্য দল পরিবর্তনের চেষ্টা করে। এ ধরনের লোকজন থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, নগরের খাল-নালা সংস্কার ও পরিষ্কার কার্যক্রমের কারণে সাময়িক ভোগান্তি হলেও আগামী ছয় মাসের মধ্যে এর সুফল পাওয়া যাবে। তার দাবি, এবার নগরের ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা কমে যাবে।
নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সভায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিমসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।