× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬ ১৮:৫৫ পিএম

আপডেট : ০৮ মে ২০২৬ ২০:১৪ পিএম

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, সরকার এ বিষয়ে নজরদারি রাখবে।

সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের করা চুক্তি কোন ব্যক্তিগত সমঝোতার মতো সহজে পরিবর্তন বা বাতিল করা যায় না। তবে দেশের স্বার্থবিরোধী কোন ধারা বাস্তবায়নের সময় সামনে এলে তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রাখা হয়েছে।

মন্ত্রী জানান, চুক্তির মধ্যে বিভিন্ন ধারা থাকে। কিছু ধারা একটি পক্ষের অনুকূলে যায়। আরেকটা পক্ষের অনুকূলে আরও কিছু ধারা যায়। দুই পক্ষের মধ্যে একটা ‘উইন-উইন সিচুয়েশন’ তৈরি করার প্রয়াস থেকেই চুক্তি হয়।

তিনি বলেন, তবে বাস্তবায়নের সময় যদি এমন কোন বিষয় সামনে আসে যা দেশের স্বার্থের পরিপন্থী, তাহলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে।

বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পণ্য পরিবহন ব্যয় বাড়ছে উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে একজন ডেনিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দরের কার্যক্রম দ্রুততর করা গেলে ইউনিটপ্রতি পরিবহন ব্যয় কমে আসবে।

সরকারি শিল্পকারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকারের মূল কাজ ব্যবসা পরিচালনা নয়। অধিকাংশ ক্ষেত্রে অদক্ষতার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসানে পড়ে এবং এতে জনগণের অর্থ অপচয় হয়। তাই লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দিয়ে উৎপাদন, কর্মসংস্থান ও রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাইশটিলায় নির্মাণাধীন ন্যাচারাল পার্ক প্রসঙ্গে মন্ত্রী জানান, জেলা পরিষদের প্রায় ৪৩ একর জায়গাজুড়ে একটি আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ক্যাবল কার, রোপ ব্রিজসহ শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন বিনোদন সুবিধা থাকবে। জেলা পরিষদ ইতোমধ্যে একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছে এবং সরকার এ প্রকল্পে অর্থায়ন করবে।

এ সময় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা