রংপুর অফিস
প্রকাশ : ০৮ মে ২০২৬ ১৫:৩৩ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬ ১৫:৪৫ পিএম
পীরগাছা থানা। ছবি: সংগৃহীত
রংপুরে কোচিং সেন্টারে ৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর কোনাবাড়ী রূপজান টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন রংপুরের পীরগাছা উপজেলার সুন্দর এলাকার মফিজুল ইসলামের ছেলে।
মামলার বরাতে তিনি জানান, আসামি দেলোয়ার হোসেনের ‘মা কোচিং সেন্টার’ নামে একটি কোচিংয়ে পড়াশোনা করতো ভুক্তভোগী ৯ বছরের কন্যা শিশু। গত রমজান মাসে আসামি দেলোয়ারের স্ত্রী তার বাবার বাড়ি যায়। তখন থেকে আসামি ভুক্তভোগী শিশুকে কুপ্রস্তাব দেওয়া শুরু করে। গত রমজান মাসের ৫ম রোজার দিনে দেলোয়ার শিশুটিকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। ফলে শিশুটি অসুস্থ হয়ে বাড়িতে ফিরলে তার মা কী হয়েছে জিজ্ঞেস করলে শিশুটি ভয়ে কিছু বলেনি। এরপর থেকে ওই শিশুকে আসামি দেলোয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ ১৯ এপ্রিল বিকাল ৪টার দিকে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এতে স্থানীয় লোকজন কোচিং সেন্টারে প্রবেশ করলে আসামি পালিয়ে যায়। পরবর্তীতে, ২২ এপ্রিল ভুক্তভোগী ওই শিশুটির মা বাদী হয়ে পীরগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাবের সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, “পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”