গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬ ১৩:৩৮ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬ ১৪:৩৮ পিএম
চলছে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটের পুনর্নির্মাণ কাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত পথ দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে ৫ নম্বর ফেরিঘাট। ইতোমধ্যে ঘাটটির পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে।
পদ্মা নদীর তীব্র ভাঙন ও নাব্যতা সংকটের কারণে ২০২২ সালে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় ৫ নম্বর ফেরিঘাটটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরে নিরাপত্তাজনিত কারণে ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে সীমিতসংখ্যক ঘাট ব্যবহার করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: দৌলতদিয়ায় বাসডুবি শিশুসহ ২৬ মরদেহ উদ্ধার |
বর্তমানে দৌলতদিয়ার ৭টি ফেরিঘাটের মধ্যে শুধু ৩, ৪ ও ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার চলছে। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ১, ২, ৫ ও ৬ নম্বর ঘাট। এর মধ্যে ১ ও ২ নম্বর ঘাট বিভিন্ন সিমেন্ট কোম্পানির মালামাল ওঠানামার কাজে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।
এদিকে ঘাটসংকটের কারণে ঈদসহ বিভিন্ন উৎসব ও ছুটির মৌসুমে এই নৌরুটে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। ৫ নম্বর ঘাট চালু হলে এ দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয়রা।
দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, “অনেক দিন ধরে ঘাটটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। এখন নতুন করে সংস্কারের কাজ শুরু হয়েছে। ঘাট চালু হলে এই এলাকায় আবার ব্যবসা-বাণিজ্য বাড়বে। খাবারের হোটেল, ছোট ছোট দোকান গড়ে উঠবে। অনেক মানুষের কর্মসংস্থান হবে”।
এক যাত্রী বলেন, “বর্তমানে মাত্র তিনটি ঘাট চালু থাকায় প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়। ৫ নম্বর ঘাট চালু হলে চারটি ঘাট সচল থাকবে। এতে যানবাহন পারাপার সহজ হবে এবং অপেক্ষার সময় কমে যাবে।”
দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, “ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় নদীভাঙনের কারণে ৫ নম্বর ঘাটটি ক্ষতিগ্রস্ত হয়। তখন পরিস্থিতি খুব খারাপ থাকায় ঘাটটি সংস্কার করা সম্ভব হয়নি। এখন পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। ঘাটটি চালু হলে আমাদের পারাপার সক্ষমতা বাড়বে এবং যাত্রীদের দুর্ভোগ কমবে”।