বগুড়া অফিস
প্রকাশ : ০৮ মে ২০২৬ ১৩:০৭ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬ ১৪:২২ পিএম
বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে ‘গণপিটুনি’তে সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে ‘গণপিটুনি’তে সেলিম (৪০ ) নামে এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে।
উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে গোপাল চন্দ্রের বাসায় ‘চুরি’র পর পালানোর সময় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সেলিম কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ এলাকার বাসিন্দা।
চুরির অভিযোগ এনে গোপাল চন্দ্রের পরিবার দাবি করেন, এ ঘটনায় জড়িত অন্য দুই চোর নগদ সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গোপাল চন্দ্রের বাড়িতে শুক্রবার ভোরে তিনজন চোর প্রবেশ করেন।
এরপর চুরির এক পর্যায়ে বাড়ির লোকজন চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ‘চোরেরা’ পালানোর চেষ্টা করে, বলেন তারা।
এ সময় দুজন পালাতে সক্ষম হলেও ‘উত্তেজিত জনতা’ একজনকে ধরে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেন তারা।
এ বিষয়ে কথা হয় গোপাল চন্দ্রের পুত্রবধূ পূর্ণিমা সাহার সঙ্গে।
তিনি দাবি করেন, সিঁধ কেটে দুই চোর তাদের ঘরে প্রবেশ করে। ঢুকেই তাকে ও তার শিশুসন্তানকে চাকু ধরে জিম্মি করা হয়।
এ সময় ঘরে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং নিজের পরনে থাকা গয়নাও নিয়ে যায় তারা, দাবি করেন পূর্ণিমা সাহা।
তিনি আরও বলেন, “ওরা পালিয়ে যাওয়ার সময় আমরা চিৎকার দিলে আমার ভাসুর একজনকে ধরার চেষ্টা করেন। পরে এলাকাবাসী এসে একজনকে আটক করে।”
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত পলাতকদের ধরতে অভিযান শুরু হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।