মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬ ২০:০০ পিএম
অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর হালদার বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই ব্যক্তি চা বাগানের অভ্যন্তরে তার অটোরিকশাটি (সুরমা ভ্যালি মিশুক-১২) রেখে শংকর টিলা হ্রদে গোসল করতে নামেন। হ্রদের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে সাঁতার কেটে যাওয়ার সময় পানির মাঝামাঝি স্থানে তাকে ডুবে যেতে দেখেন স্থানীয়রা। এরপর থেকে তিনি নিখোঁজ হন। ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এবং শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা তল্লাশির শেষে সন্ধ্যার পর পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর হালদার জানান, "ভাড়াউড়া লেক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে"।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার লিডার আকতার হোসেন বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে দীর্ঘ দেড় ঘন্টার বেশি সময় খোঁজাখুঁজি করে নিহতের মরদেহ উদ্ধার করতে সমর্থ হই।"