কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৭:২৯ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬ ১৭:৩৩ পিএম
জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাষ্ট্রে যেন সঠিক পথে চলে সেজন্য বিরোধী দলের সহযোগিতা কামনা করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
রামগতি উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও জেলেদের মাঝে চেক এবং খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “রাষ্ট্র যেন ইনসাফের পথে চলে, সেজন্য আমরা বিরোধী দলেরও সহযোগিতা কামনা করি”।
আরও পড়ুন: জাতীয় ঐক্যই দেশের শক্তিশালী হাতিয়ার |
আশরাফ উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বাঁচাতে কাজ করছেন। তিনি একটি ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে চান।ফ্যামিলি কার্ড, জেলে কার্ডসহ সকল সরকারি ভাতায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে”।
হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, “সরকারি সকল ভাতা কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে”।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৮ জন ব্যক্তির প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া ইলিশ অভয়াশ্রমে জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে মাছ শিকারে বিরত থাকায় ১ হাজার ৫০০ জেলের মাঝে ৫৪ কেজির বিশেষ খাদ্য প্যাকেজ (আটা, ডাল, তেল, আলু, চিনি ও লবণ) বিতরণ করা হয়। একই সঙ্গে হতদরিদ্র ৮২টি পরিবারের মাঝে ১৪ কেজি ৪০০ গ্রামের শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।