টেকনাফ প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৬:৫১ পিএম
টেকনাফ স্থলবন্দরে নৌকায় আলু তুলছে শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার এক বছর পর প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নিত্যপণ্য যাচ্ছে মিয়ানমারে।
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার বিকালে ৪০ মেট্রিক টন আলু মিয়ানমারের উদ্দেশে পাঠানো হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা মাহবুব রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার টেকনাফ স্থলবন্দর দিয়ে ৪০ মেট্রিক টন আলু মিয়ানমারে রপ্তানি করা হবে। এরই মধ্যে ট্রলারে আলু তোলার কাজ চলছে। সব কার্যক্রম সম্পন্ন হলে বিকেলের দিকে আলুভর্তি ট্রলার মিয়ানমারের উদ্দেশে রওনা দেবে।
এর আগে গত ১ মে মিয়ানমার থেকে একটি কাঠবোঝাই বোট টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।
টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী জানান, টেকনাফ বন্দর দিয়ে মিয়ানমারে আলু রপ্তানির জন্য শ্রমিকরা ট্রলারে আলু তুলছেন। ধীরে ধীরে সীমান্ত বাণিজ্য পুরোদমে চালু হবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।