মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৪:২৬ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬ ১৪:৩৬ পিএম
মিঠাপুকুর থানা। ছবি: সংগৃহীত
রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট-কদমতলা সড়কের পাশের একটি আম বাগান থেকে বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবু সাঈদ উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের মো. আজগর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে ময়েনপুর ইউনিয়নের কসবা কৃষ্ণনগরগামী রাস্তার পাশের একটি আম বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় নিয়ে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি দেখে পরিবারের লোকজন নিহতের পরিচয় শনাক্ত করেন।
নিহতের পরিবার জানায়, বুধবার রাতে বাড়ি থেকে পার্শ্ববর্তী শাল্টির বাজারে যান আবু সাঈদ। রাত ৮টার দিকে বাজারে চাচা বিপুল মিয়ার সাথে তার শেষ কথা হয়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি। রাতভর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
মিঠাপুকুর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”