খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬ ১১:৪৫ এএম
আপডেট : ০৭ মে ২০২৬ ১২:১০ পিএম
খাগড়াছড়ির পানছড়ির ইসলামপুর এলাকায় গুলিতে নিহত হন ইমন হোসেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইমন হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার ইসলামপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ককে গুলি করে হত্যা |
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে ইমন হোসেন ইসলামপুর এলাকার একটি স-মিলের সামনের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মহিন্দ্র গাড়িতে করে আসা কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে বলেও জানায় স্থানীয় সূত্রটি।
স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা অভিযোগ করেন, নিহত ইমন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ‘কালেক্টর’ হিসেবে কাজ করতেন।
এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ সংগঠন ইউপিডিএফ (মূল)-কে দায়ী করছেন তাদের অনেকেই।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, পানছড়িতে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি
নিহত ব্যক্তি কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কি না, সেটিও যাচাই করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলেও জানান ওসি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।