প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মে ২০২৬ ২১:৪৮ পিএম
প্রতীকী ছবি
দেশের ৪ জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের প্রায় সকলেই মাঠে ধান কাটার কাজ করছিলেন।
হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
নওগাঁ
নওগাঁয় জমিতে কাজ করার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে। জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অনুকূল চন্দ্র মোহন্ত (৪৫),আজগর আলী (৩২) ও দিলীপ চন্দ্র বর্মন (৪২)।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে আজগর আলী নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া একই উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মহন্ত নামে আরও এক কৃষক নিহত হয়”।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক অপরজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন নামে এক কৃষক নিহত হয়”।
লালমনিরহা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারি এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী ওই এলাকার বাসিন্দা এবং তিন সন্তানের জনক। ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের ভাষ্য, পরিবারের সদস্যদের সঙ্গে ভুট্টাখেতে কাজ করছিলেন ইউসুফ আলী। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন জানান, নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
জামালপুর
জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
সোহেল ওই এলাকার শুকুর মামুদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বৃষ্টি শুরুর আগে প্রচণ্ড বাতাস ও বজ্রপাত হয়। এ সময় বাড়ির পাশে ভূট্টা খেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে সোহেল মারা যান।
কান্নাজরিত কণ্ঠে সোহেলের মা জবেদা বেগম বলেন, “দুবছর আগে ছেলেটাকে বিয়ে করিয়েছি। ওর ঘরে ৭ মাস বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। আকস্মিক এ ঘটনায় সব তছনছ হয়ে গেলো। ওর স্ত্রী বিধবা, সন্তান এতিম হলো আমি ছেলে হারা হলাম”।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনাটি জেনেছি”।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে মোছা. ছুলেমা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার পত্তন ইউনিয়নের শাহপুর গ্রামে বুধবার দুপুরে ঘটনা ঘটে।
নিহত ছুলেমা ওই এলাকার জুরুমিয়া মিয়ার মেয়ে এবং বেগম আশরাফ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মা-বাবা ও ভাইবোনের সঙ্গে ধানের মাঠ থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হয়। এতে ঘটনাস্থলেই ছুলেমা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং পরে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।