নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৯:১২ পিএম
নিহত শিশু জান্নাত আক্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোণার কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে এক মেয়ে শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কৈলাটি ইউনিয়নের হুগলি গ্রাম থেকে বুধবার সকাল ১০টায় কলমাকান্দা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত শিশুটির নাম জান্নাত আক্তার (৫)। সে সনুড়া জসিউড়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন এই তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, শিশুটি গত সোমবার বিকাল থেকে নিখোঁজ ছিল। ওইদিনই তাকে সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে পুকুর, ডোবা ও আশপাশের জলাশয়ে তল্লাশি চালানো হয়। তবে কোনো সন্ধান মেলেনি। পরদিন গত মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
শিশুটির মরদেহটি ধানক্ষেতে দেখতে পান স্থানীয়রা। তার মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল দাবি স্বজনদের।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।