নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৭:২৮ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬ ১৭:৩০ পিএম
সাকিব শেখকে আটক করেছেন পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সাকিব শেখকে আটক করেছেন পুলিশ।
সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনার ফুলতলা উপজেলার দামোদার মধ্যোপাড়া এলাকার সাকিব শেখের স্ত্রী। আটক সাকিব একই এলাকার জাহিদ শেখের ছেলে।
নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলছেন, স্বামীর সঙ্গে খুলনার ফুলতলা থেকে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালা-শ্বাশুড়ির বাড়িতে সোমবার বেড়াতে যান চাঁদনী। স্বামী সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সাকিব। পরে আহত অবস্থায় চাঁদনীকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন,“সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে নড়াইল সদর হাসপাতালে একজন মহিলার মরদেহ আসার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পারিবারিক কলহের জের ধরে সাকিব তার স্ত্রীকে হত্যা করেছে বলে জানা গেছে”।
তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া (বটি), রক্তমাখা বেডশিট এবং একটি ভেজা কাঁথা জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে”।