হাওরাঞ্চল প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৬:০৫ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬ ১৭:৩২ পিএম
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অপহরণচেষ্টার অভিযোগে ইসরাত জাহান মীম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালানোর সময় এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
পরে আটক নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
আটক নারী ইসরাত জাহান মীম (২০) পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার সোনাকানিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
উদ্ধার হওয়া স্কুলছাত্রী নাদিয়া আক্তার (১০) সুয়াইর গ্রামের আল-আমিনের মেয়ে এবং আদর্শনগর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাদিয়া আক্তার আদর্শনগর বাজারে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় ইসরাত জাহান মীম নিজেকে তার মায়ের পরিচিত বলে দাবি করে তাকে মোহনগঞ্জ বাজারে নিয়ে যান।
এরপর জামা-কাপড় কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে রওনা দেন, বলেন তারা।
ঘটনাটি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা কয়েকটি মোটরসাইকেলে তাদের পিছু নেন।
পরে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে তারা ওই নারীকে আটক করেন এবং শিশুটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
থানায় তথ্য সংগ্রহ করতে গেলে শিক্ষার্থীর বাবা আল-আমিনের সঙ্গে কথা হয় কথা হয় এই প্রতিবেদকের।
এ সময় শিক্ষার্থীর বাবা আল-আমিন দাবি করেন, আটক নারী একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি তার পরিবারের তথ্য সংগ্রহ করে এ অপহরণের চেষ্টা চালান।
স্থানীয়দের দ্রুত তৎপরতার কারণে তার মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মোহনগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী স্বীকার করেছেন যে, শিশুটিকে অপহরণ করে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল।
তিনি একটি মানব পাচারকারী চক্রের হয়ে কাজ করেন এবং শিশুটিকে ওই চক্রের অন্যান্য সদস্যদের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল বলেও জানান ওসি।
তিনি আরও জানান, এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।