বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৪:৪৯ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬ ১৫:৪০ পিএম
বোয়ালমারী থানা। ফাইল ছবি
ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা বেগম (৫০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেল গেটে বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিলুফা বেগম পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, স্বামীর সাথে অভিমান করে রেল লাইনের পাশ দিয়ে দৌঁড়াচ্ছিলেন নিলুফা বেগম। এসময় পেছনে চিৎকার করতে করতে ছুটে আসছিলেন তার স্বামী আরব আলী। তবে স্বামীর ডাকে সাড়া না দিয়ে কুশাডাঙ্গা রেলগেট সংলগ্ন আজিজারের দোকানের সামনে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপিয়ে পড়েন নিলুফা।
এসময় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে নিলুফার হাত ও মাথা থেঁতলে যায়। স্ত্রীকে উদ্ধারে গিয়ে নিজেও আহত হন আরব আলী। ট্রেন অতিক্রম করলে স্থানীয়রা স্বামী ও তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক নিলুফা বেগমকে মৃত ঘোষণা করেন। আরব আলী বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী আসমা বেগম জানান, রেললাইনের পাশ দিয়ে দাঁড়াচ্ছিল নিলুফা, এসময় তার স্বামী পিছনে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে স্ত্রীকে বলতে শোনা যায়, “তোর পায়ে ধরি আমার সর্বনাশ করিস না।“
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিঞ্চন সাহা বলেন, “গৃহবধূ নিলুফা বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার হাত মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে কেটে ও থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার।”
বোয়ালমারী থানার ওসি বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ হেফাজতে নিয়েছে, এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”