কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৪:০৫ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬ ১৪:০৭ পিএম
কমলনগরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা জোরদারে ‘শিক্ষা, মাদক ও স্বাস্থ্য কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
উপজেলা পরিষদ হলরুমে বুধবার সকাল ১১টায় শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হোসাইন, কমলনগর-রামগতি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. দিদার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থীর
অনুষ্ঠানের শুরুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বর্তমান শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, অতীতে বিভিন্ন আনুষ্ঠানিকতার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হয়েছে, যা থেকে উত্তরণ জরুরি।
এ সময় হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে পশ্চিম চর লরেন্স দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী সিমা আক্তার তার প্রতিষ্ঠানের জরাজীর্ণ ভবনের বিষয়টি তুলে ধরে নতুন ভবন নির্মাণের দাবি জানান।
ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হুইপের
প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য নিজান বলেন, “কমলনগরের উন্নয়নের জন্য সব রাজনৈতিক মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি শিক্ষা, মাদক ও স্বাস্থ্য খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কমিটিগুলো দ্রুত গঠনের নির্দেশ দেন।
হুইপ আরও বলেন, এসব কমিটিতে মেধাবী শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ শিক্ষক এবং সৃজনশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে, যাতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক চিন্তাধারায় গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।