ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৩:২৫ পিএম
ফেনী মডেল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে আবদুর রহিমকে গ্রেপ্তার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনী পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ চার বছর ধরে আর্কিটেক্ট ও ডিজাইনারদের সিল, স্বাক্ষর ও নাম জাল করে ভবন নির্মাণের নকশা তৈরির অভিযোগে আবদুর রহিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী মডেল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করে।
পরে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাকে।
অভিযুক্ত রহিম ‘ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।
এ ঘটনায় ফেনী পৌরসভার সার্ভেয়ার মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে জামান অ্যান্ড রহিম প্লাজায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আবদুর রহিম দীর্ঘদিন ধরে ভবনের নকশা তৈরির কাজ করতেন।
মামলার বিররণীতে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ বারাহিপুর এলাকার হাছিনা আক্তার ও বিরিঞ্চি এলাকার মো. বাহার মিয়া নিজ নিজ জমিতে ভবন নির্মাণের জন্য দুটি নকশা ফেনী পৌরসভায় জমা দেন।
নকশাগুলোতে স্থপতি হিসেবে মাহমুদ হাসান রিয়াজ এবং ডিজাইনার হিসেবে মো. আহসান হাবিবের সিল ও স্বাক্ষর সংযুক্ত ছিল।
তবে নকশা যাচাইয়ের সময় সন্দেহ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান সার্ভেয়ার আবুল কাশেম।
পরবর্তীতে পৌরসভার অনুমতিক্রমে সোমবার সন্ধ্যায় আবদুর রহিমকে তলব করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, অন্য প্রতিষ্ঠানের সিল ব্যবহার করে নিজেই স্বাক্ষর করেছেন।
আর্কিটেক্ট ও ডিজাইনারকে পারিশ্রমিক না দিয়ে পুরো অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যেই তিনি এ জালিয়াতি করেছেন বলে জানান।
এর আগে স্থপতি মাহমুদ হাসান রিয়াজ তার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ এনে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।
তিনি জানান, গত চার বছর ধরে তিনি ফেনী পৌরসভায় কোনো নকশায় স্বাক্ষর করেননি বা কোনো নকশা জমা দেননি।