মেহেদী হাসান রনি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১১:১২ এএম
আপডেট : ০৬ মে ২০২৬ ১১:১৭ এএম
দৌলতদিয়ার আনু খাঁর আড়তে নিলামে বিক্রির জন্য তোলা হয় পদ্মায় ধরা পড়া দুটি কাতল মাছ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় দুটি বিশালাকৃতির কাতল মাছ ১ লাখ টাকায় বিক্রি হয়েছে। দৌলতদিয়া মাছবাজারের আড়তে সাড়ে ২১ কেজি ওজনের একটি কাতল বিক্রি হয়েছে ৪৩ হাজার টাকায়।
বাজারের আনু খাঁর আড়ত থেকে মঙ্গলবার সকালে এই মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার সাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।
এর আগে পদ্মা নদীর চরকর্নেশনের মজলিসপুর এলাকায় নবিন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, সোমবার শেষ রাতে নবিন হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীর চরকর্নেশন এলাকায় জাল ফেললে এই কাতলটি জালে আটকা পড়ে। মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে মোট ৪৩ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে সাড়ে ২১ কেজি ওজনের বড় কাতল মাছটি ২ হাজার টাকা কেজি দরে কিনে ৪৪ হাজার টাকায় ঢাকার শনির আখড়ায় বিক্রি করেছি।
অপরদিকে রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ কেজি ওজনের একটি কাতল ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
দৌলতদিয়া মাছবাজারের আনু খাঁর আড়ত থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে এই মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।