পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬ ২২:১০ পিএম
জয়পুরহাটের পাঁচবিবি থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাটের পাঁচবিবিতে গভীর রাতে গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নাগরগাছি গ্রামের কৃষক লাবলু মণ্ডলের বাড়িতে মঙ্গলবার এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
ভুক্তভোগী লাবলু মণ্ডল জানান, প্রতিদিনের মতো রাত ১২টার দিকে গরুগুলোকে গোয়ালঘরে দেখে তিনি ঘুমাতে যান। ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখেন, গোয়ালঘরের ইটের দেয়াল ভাঙা এবং ভেতরে থাকা লাল রঙের বড় দুটি হালের ষাঁড় নেই।
স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, এই গরুগুলো কেবল লাবলু মণ্ডলেরই নয়, বরং আশেপাশের চারটি গ্রামের কৃষকদের একমাত্র হালের ভরসা ছিল। এগুলো দিয়েই আমাদের চাষাবাদ চলত। এলাকায় পুলিশের নজরদারি কম থাকায় এমন ঘটনা ঘটছে বলে আমরা মনে করি।
একই গ্রামের আব্দুল হাকিম মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় প্রশাসনের নিয়মিত টহল না থাকায় চোরদের উপদ্রব বেড়েছে। জননিরাপত্তা রক্ষায় অবিলম্বে পুলিশি টহল বাড়ানোর জোর দাবি জানান তিনি।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান জানান, গরু চুরির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।