টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৮:৩১ পিএম
প্রতীকী ছবি
কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদ উল্লাহ (২০) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
টেকনাফ থানা পুলিশ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এর আগে সোমবার টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহমুদ উল্লাহ ওই ক্যাম্পের বাসিন্দা।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাহমুদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তার মোবাইল ফোনে টিটিপির সঙ্গে সম্পৃক্ততার বেশ কিছু তথ্য ও প্রমাণ পাওয়া গেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, মাহমুদ উল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার ব্যবহৃত ডিভাইসগুলো থেকে তথ্য বিশ্লেষণ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।