বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক:
প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৭:০১ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬ ১৭:০৮ পিএম
মঙ্গলবার বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান নিহত ট্রাক চালক হান্নান শেখের বাড়ি যান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের বোয়ালমারীতে মব সহিংসতায় নিহত ট্রাকচালক হান্নান শেখের শিশু সন্তান মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে খোঁজ খবর নিতে মঙ্গলবার বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, নিহত ট্রাক চালক হান্নান শেখের বাড়ি যান।
এ সময় তিনি পরিবারের সদস্যদের নিকট ঘটনার বিবরণ শোনেন ও প্রধানমন্ত্রীর পাঠানো খেলনা সামগ্রী শিশুটির হাতে তুলে দেন। একই সাথে নগদ অর্থ, খাদ্য সামগ্রী নিহতের পিতার হাতে তুলে দেন।
সেখানে উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ ও শিশুকে নিয়মিত সহযোগিতা প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুসহ অনেকে।
এর আগে, গত শুক্রবার ফরিদপুরের নগরকান্দায় ছোট একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ জনকে পিষে মারার গুজব ছড়িয়ে পড়ে। পরে ট্রাকটির গতিরোধ করে ক্ষুব্ধ জনতা ট্রাকটির চালক হান্নান শেখসহ তিনজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হান্নান শেখের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটির সহকারী অপর দুজনকে উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ। বর্তমানে তারা ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।