বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ২০:৪০ পিএম
বোয়ালমারী থানা, ফরিদপুর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের বোয়ালমারীতে নানাবাড়ি বেড়াতে এসে বাঁশের খাট থেকে পড়ে ইলমা নামে সাত মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের চালিনগর গ্রামে সোমবার সকাল ১১টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ইলমা একই গ্রামের মো. ইমাম মোল্যার মেয়ে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, চালিনগর গ্রামের বাসিন্দা আবু বক্কর মোল্যার মেয়ে সোনিয়া বেগম তার শিশুসন্তান ইলমাকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসে| শিশুটিকে খাটে ঘুম পাড়িয়ে তিনি মায়ের সাথে গৃহস্থালির কাজ করছিলেন| শিশুটি ঘুমের ঘোরে খাট ও বেড়ার ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে গিয়ে খাট ও টিনের বেড়ার মাঝখানে আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
মৃত শিশুর মা সোনিয়া বেগম জানান, কাজ শেষে ফিরে খাটে মেয়েকে না দেখে তিনি চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খাটের বাঁশ ও টিনের মাঝখানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার (ওসি) বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাঁশের মাচা থেকে পড়ে টিনের সঙ্গে আটকে শিশুটির শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে| পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে"।