টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ২০:৩৬ পিএম
গোপালপুর থানা । ছবি সময় টিভি
টাঙ্গাইলের গোপালপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্রীর মায়ের করা মামলায় গোপালপুর থানা পুলিশ সোমবার গ্রেপ্তার দেখিয়েছে রেজাউল করিম হান্নানকে।
পুলিশের ভাষ্য, ধর্ষণের অভিযোগে রেজাউলকে রবিবার মারধর করেন স্থানীয়রা। সেখান থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। সোমবার ছাত্রীর মায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেন, সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষককে। স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে স্কুলছাত্রীকে।
তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউলের বিরুদ্ধে তার স্কুলের এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন স্কুল ঘেরাও করে শিক্ষককে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।