ময়মনসিংহ অফিস
প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৫:১৩ পিএম
আপডেট : ০৪ মে ২০২৬ ১৭:২৫ পিএম
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের টাঙ্গাইলে সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার মনতলা সমিতিঘর এলাকায় সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলা বারের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামলপুর সদরের রুহিলী গ্রামের সৌদি প্রবাসী খোরশেদ আলমে স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮) এবং তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি(১১)। তাৎক্ষণিকভাবে নিহত অপরজনের নাম জানা যায়নি।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ নারী যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
গুরুতর আহত হন সিএনজি অটোরিকশা চালক ও অপর এক পুরুষ যাত্রী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকটি সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে একজন মারা যান।