চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৩:০৩ পিএম
ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় শুধু বাসিন্দারাই নয়, আশপাশের মানুষও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় একটি বহুতল ভবন হেলে পাশের আরেকটি ভবনের ওপর ঝুঁকে পড়ায় ভবনের আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ভবন দুটি থেকে বাসিন্দাদের দ্রুত সরে যেতে পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।
খবর পেয়ে জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ভবন দুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহ আলম ঢালী ও তার প্রতিবেশী মো. শাহজাহানের মালিকানাধীন দুটি ভবনের মধ্যে একটি হেলে অন্যটির দিকে ঝুঁকে পড়েছে। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
মো. শাহ আলম ঢালী জানান, ২০১২ সালে পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী তিনি চারতলা ভবন নির্মাণ করেন। তবে পাশের ভবনটি হেলে তার ভবনের দিকে ঝুঁকে পড়ায় তিনি চরম উদ্বেগে রয়েছেন এবং বিষয়টি লিখিতভাবে পৌর কর্তৃপক্ষকে জানিয়েছেন।
অন্যদিকে মো. শাহজাহান বলেন, ২০১৫ সালে নির্মিত তার ভবন কেন হেলে পড়েছে, তা তিনি নিশ্চিত নন।
দেশের বাইরে থাকার কারণে নির্মাণকাজ যথাযথভাবে তদারকি করতে না পারায় ত্রুটি থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেন জানান, নির্মাণ ত্রুটির কারণে একটি ভবন আংশিক হেলে পড়েছে, ফলে দুটি ভবনই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, এ কারণে বাসিন্দাদের দ্রুত ভবন ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে ভবন মালিক ও ভাড়াটিয়াদের সতর্ক করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় শুধু বাসিন্দারাই নয়, আশপাশের মানুষও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।