শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ১০:৩৭ এএম
শিবচরে টাওয়ারে ওঠার প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা ও বোঝানোর পর রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর সহায়তায় হাসানকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের জেরে মাদারীপুরের শিবচরে হাসান শিকদার (২২) নামের এক যুবক আত্মহত্যার উদ্দেশ্যে প্রায় ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন।
তবে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বজনদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময় পর তাকে নিরাপদে নিচে নামানো হয়।
শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান রবিবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় ওই টাওয়ারে ওঠেন।
জানা গেছে, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর হতাশ হয়ে তিনি এই পদক্ষেপ নেন।
টাওয়ারে উঠে তিনি প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকিয়ে রাখার অনুরোধ জানান এবং তাকে ঘটনাস্থলে আসতে বলেন। অন্যথায় নিচে লাফিয়ে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের কর্মীরা এবং পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হন।
প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা ও বোঝানোর পর রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর সহায়তায় হাসানকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়।
পরে পুলিশ তাকে শিবচর থানায় নিয়ে যায় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় টাওয়ারের নিচে বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড় জমে যায়।
এ বিষয়ে শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, দীর্ঘ সময় ফোনে যোগাযোগ ও বিভিন্নভাবে বোঝানোর মাধ্যমে যুবককে নিরাপদে নিচে নামানো হয়েছে।