রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬ ১৬:২৬ পিএম
আপডেট : ০৩ মে ২০২৬ ১৬:২৭ পিএম
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারে রবিবার তিনটি কাতল মাছ ১ লক্ষ ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়া বিশাল আকৃতির ৩টি কাতল মাছ ১ লক্ষ ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে রবিবার সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে মোহন মন্ডলের আড়ত থেকে ২৫ কেজি ওজনের কাতলটি ২ হাজার ১০০ এবং রেজাউল মন্ডলের আড়ত থেকে ২০ কেজির কাতল ১ হাজার ৭০০ ও ১৮ কেজির কাতল ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
জানা গেছে, শনিবার শেষ রাতে বাবু, আরিফ ও এরশাদ হলদারসহ তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেললে ৩ জনের জালে বিশাল আকৃতির ৩টি কাতল মাছ আটকা পরে। সকালে বিক্রির জন্য মাছগুলো দৌলতদিয়া মাছ বাজারের এনে ওজন করে দেখেন বাবু হলদারের জালে ধরা পড়া মাছটির ওজন ২৫ কেজি, আরিফ হলদারের জালে ধরা পড়াটির ওজন ২০ কেজি ও এরশাদ হলদারের জালে ধরা পড়া মাছটির ওজন ১৮ কেজি। এ সময় মাছগুলো একনজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।
উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৫ কেজির কাতল ৫৫ হাজার, ২০ কেজির কাতল ৩৬ হাজার ও ১৮ কেজির কাতল ২৫ হাজার ২০০ টাকাসহ মোট ১ লক্ষ ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে কাতল মাছ ৩টি কিনে মোবাইল ফোনে যোগাযোগ করে কেজিতে ১০০ টাকা লাভে সিলেটের এক লন্ডন প্রবাসীর কাছে বিক্রি করেছি। তিনি ভিডিও দেখে ৩টি মাছ একাই কিনেছেন।