মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬ ১২:০২ পিএম
অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত অবস্থায় থাকা এক বৃদ্ধকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।
উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে রবিবার ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ উল্লাহ (৮০) পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়াকে (৩০) আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলাকালীন আকস্মিক অভিযুক্ত জসিম মিয়া মসজিদে প্রবেশ করে বৃদ্ধ হাফিজ উল্লাহর উপর ঝাপিয়ে পরে। জসিম কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখে, মাথায় ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। এসময় হাফিজ উল্লাহ ও বাহার মিয়া নামের আরেক মুসল্লি নামাজরত ছিলেন। হামলার পর স্থানীয়রা দ্রুত হাফিজ উল্লাহকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজিব চৌধুরী বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনও কারণ জানা যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।”
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করেছে। তিনি আমাদের হেফাজতে রয়েছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”