হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ২২:১৫ পিএম
আপডেট : ০২ মে ২০২৬ ২২:১৮ পিএম
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
ফ্যামিলি কার্ডের আদলে কৃষক কার্ডও সর্বজনীনভাবে প্রদান করা হবে বলে জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো দল-মত বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। ফ্যামিলি কার্ড বিতরণের সময় আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টি, কোনো কিছুই বিবেচনা করিনি। যারা উপযুক্ত, তারা সবাই কার্ড পেয়েছেন। একইভাবে কৃষক কার্ডও সর্বজনীন করা হবে।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে শনিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আয়োজিত পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, আগামী ১ জুলাই থেকে সারাদেশে উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে উপযুক্ত সকল নাগরিক এর আওতায় আসতে পারেন।
কৃষি খাতে সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, যশোর ও ঝিনাইদহে সফলভাবে ফুল উৎপাদন হচ্ছে। ফুল চাষ একটি লাভজনক খাত, তাই কৃষকদের এ দিকে আরও বেশি এগিয়ে আসা উচিত।
তিনি আরও বলেন, আশুরার বিল ও সিতাকোর্ট এলাকায় পরিকল্পিত উন্নয়ন করা গেলে বাইরের মানুষ আকৃষ্ট হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার চায় প্রান্তিক পর্যায়ের সকল শ্রেণি-পেশার মানুষ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী হয়ে উঠুক। এ লক্ষ্যেই আমরা কাজ করছি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।