চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ২১:৪৮ পিএম
আপডেট : ০২ মে ২০২৬ ২২:০৫ পিএম
এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা কর্মীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দিন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দিন আহমেদের হাত ধরে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতা-কর্মী।
সাতকানিয়া রিসোর্ট কমিউনিটি সেন্টারে শনিবার সন্ধ্যা ৭টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তারা এই যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ। প্রতিকূল আবহাওয়া ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সাতকানিয়া ও চন্দনাইশ আংশিক নির্বাচনি এলাকার ৬টি ইউনিয়ন থেকে এলডিপি ও বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় এলডিপি ছেড়ে আসা নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের শপথ নেন। প্রধান অতিথি আলহাজ জসিম উদ্দিন আহমেদ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে এই যোগদান কর্মসূচিটি শেষ পর্যন্ত একটি বিশাল জনসভায় পরিণত হয়।