রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ১৬:০৫ পিএম
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর রাজিব (১৮) নামের এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রাজিব উপজেলার দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার অটোচালক মোস্তফার ছেলে।
উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পাশে সুপারি বাগান থেকে শনিবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে নিজ অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে রাজিব নিখোঁজ হন। রাত বাড়লেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজ নিতে শুরু করেন। রাত ৩টার দিকে অপরিচিত নাম্বার থেকে রাজিবের বাবার মোবাইল ফোনে কল আসে, দাবি করা হয় এক লাখ টাকা মুক্তিপণ। এতে পরিবারের মাঝে আতঙ্ক ও উদ্বেগ আরও বেড়ে যায়। তারা বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শনিবার দুপুরে স্থানীয়রা ক্যাম্পের হাট স্কুলের পাশের বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন, যা নিখোঁজ রাজিবের বলে নিশ্চিত হওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিবের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে সর্বশেষ দেখা যায়। ঘটনার পর ওই ব্যক্তি এলাকা থেকে পালিয়ে গেছে বলেও জানান স্থানীয়রা। তবে তার পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করছে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন,“খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”