বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ১৪:৫০ পিএম
আপডেট : ০২ মে ২০২৬ ১৪:৫২ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মো. মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুড়িচং পৌরসভার জগতপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাক মিয়া বুড়িচং পৌরসভার জগতপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, জগতপুর গ্রামের কনু মিয়া চুক্তিভিত্তিক গাছ কাটার জন্য একই গ্রামের জসিম, সুমন ও মোস্তাক মিয়াকে বিদ্যালয়ে নিয়ে যান। গাছ কাটার একপর্যায়ে ইলেকট্রিক করাতের নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তাক মিয়ার গলায় গুরুতর আঘাত লাগে। এতে তার গলার বেশিরভাগ অংশ কেটে যায় এবং রক্তক্ষরণ হয়।
পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার ডা. মো. জাহিদ হাসান জানান, ইলেকট্রিক করাতের আঘাতে তার গলার বেশিরভাগ অংশ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ দেখেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"