× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলবাড়ী-সান্তাহার ৭৭ কিলোমিটার নড়বড়ে রেলপথ, ঝুঁকি নিয়েই চলছে ট্রেন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬ ১৩:৫৩ পিএম

ফুলবাড়ী অংশে ঝুঁকিপূর্ণ রেললাইন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ফুলবাড়ী অংশে ঝুঁকিপূর্ণ রেললাইন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী অংশে পশ্চিমাঞ্চল রেললাইনের দীর্ঘ প্রায় ৭৭ কিলোমিটার এলাকা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ভাঙা কংক্রিট স্লিপার, নড়বড়ে জোড়া এবং প্যান্ড্রল ক্লিপের ঘাটতির কারণে এই পথে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

মোবারকপুর রেলগেট থেকে সান্তাহার পোতা রেলগেট পর্যন্ত এই রেলপথে বহু আন্তঃনগর ও মেইল ট্রেন প্রতিদিন ধীরগতিতে চলাচল করছে।

ঝুঁকিপূর্ণ রেলপথে নড়বড়ে অবস্থা

পশ্চিমাঞ্চল রেল বিভাগের তথ্য অনুযায়ী, ফুলবাড়ী, বিরামপুর, হিলি হাকিমপুর, জয়পুরহাটের পাঁচবিবি, বাগজানা, আক্কেলপুরের তিলকপুর ও জামালগঞ্জ অংশজুড়ে শত শত কংক্রিট স্লিপার ভেঙে গেছে।

অনেক জায়গায় রড বের হয়ে গেছে এবং ট্রেন চলাচলের সময় লাইনের ওপর চাপ পড়লে রেললাইন ওঠানামা করে। এছাড়া বহু স্থানে প্যান্ড্রল ক্লিপ অনুপস্থিত থাকায় রেললাইন স্থিতিশীল রাখা যাচ্ছে না।

এ অবস্থায় প্রতিদিন প্রায় এক ডজন আন্তঃনগরসহ বিভিন্ন ট্রেন এই ঝুঁকিপূর্ণ পথে চলাচল করছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেরামতের কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

দুর্ঘটনা ও স্থানীয়দের উদ্বেগ

গত ১৮ মার্চ ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি আদমদীঘির বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে দুই শতাধিক যাত্রী আহত হন।

ওই ঘটনার পর থেকেই ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে।

২৩ মার্চ ফুলবাড়ী-বিরামপুর রেলপথের ৩৫২/৫ থেকে ৩৫২/৬ কিলোমিটার এলাকায় স্লিপার ভেঙে যায়।

ওই সময় কৃষক এনামুল হক কলার মোচার লাল পাতা ব্যবহার করে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেন।

তার দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো যায়। পরে রেল কর্তৃপক্ষ তাকে পুরস্কৃত করে।

স্থানীয় সমাজকর্মী সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সাবেক পৌর কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু ও আব্দুল মোতালিব পাপ্পু অভিযোগ করেন, স্টেশনের আশপাশেও একই অবস্থা বিরাজ করছে। বৃষ্টির পানি জমে ট্রেন চলাচলের সময় আরও ঝুঁকি তৈরি করছে।

জনবল সংকট ও মেরামতের ধীরগতি

রেল বিভাগের সূত্র জানায়, ৭৭ কিলোমিটার এই অংশে প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম জনবল রয়েছে। উপসহকারী প্রকৌশলী পদসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ শূন্য।

কি-ম্যান, ট্রলিম্যান, নিরাপত্তাকর্মী ও হ্যামারম্যানের অনেক পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় নিয়মিত তদারকি ব্যাহত হচ্ছে বলেও জানায় সূত্রটি।

ফুলবাড়ী স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী জানান, ঝুঁকিপূর্ণ অংশে ট্রেন ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার গতিতে চলাচল করছে

পার্বতীপুরের উর্ধ্বতন প্রকৌশলী শেখ আল আমিন জানান, স্লিপার বদলের কাজ চলছে তবে জনবল সংকটে তা ধীরগতিতে হচ্ছে।

পাকশী রেলওয়ে বিভাগের ভবেশ চন্দ্র রাজবংশী বলেন, স্থায়ী সংস্কারের জন্য তিনটি দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুত কাজ শুরু হলে ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা