নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ১১:৫৩ এএম
নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।
জেলার শ্যামগঞ্জ–বিরিশিরি মহাসড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ইলাশপুর এলাকায় শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘আল্লাহর দান পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (ফেনী-জ-১১-০০০৩) এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি (ময়মনসিংহ-থ-১১-৫০০১) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই আয়নাল হক (৫৭) নামে একজন নিহত হন।
তিনি পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে আহতদের উদ্ধার করে পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা আরও একজন পুরুষের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন—দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি এবং ময়মনসিংহের ফুলপুর থানার মনির হোসেন (২৩)।
পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তামানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।নিহত দ্বিতীয় ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।