দিনাজপুর
হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ১১:৫৩ এএম
আপডেট : ০২ মে ২০২৬ ১১:৫৪ এএম
টানা বৃষ্টিতে দিনাজপুরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুর জেলায় গত ৭ দিন ধরে ‘টানা’ বৃষ্টিপাত হচ্ছে। এ সময়ে মোট ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এপ্রিল মাসের ২৫ তারিখ সকাল ৬টা থেকে শুরু করে মে মাসের ২ তারিখ সকাল ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাতের তথ্য জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল সকাল ৬টা থেকে ২৬ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ২৬ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হয় ২৩ মিলিমিটার এবং ২৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এছাড়া, ২৮ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৫ মিলিমিটার এবং ২৯ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৩০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সময়ে খুবই কম, মাত্র ০.২ মিলিমিটার বৃষ্টি হয়। তবে ১ মে থেকে ২ মে সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন শনিবার সকালে জানান, গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমে এসেছে এবং জনজীবনে স্বস্তি ফিরেছে।
তিনি আরও জানান, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
টানা বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও কৃষি খাতে এ বৃষ্টিপাত উপকারী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।