রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ১০:২২ এএম
সন্তানকে কোলে নিয়ে আছেন শিশুটির বাবা রাতুল ইসলাম রাফি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক মাস বয়সী কন্যা সন্তানকে ঘরে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে।
মায়ের সান্নিধ্য না পেয়ে নবজাতকের অবিরাম কান্নায় চরম দুশ্চিন্তা ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী স্বামী রাতুল ইসলাম রাফি (২৪) উপজেলার চর লরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্ত্রী ইশরাত জাহান মারিয়া হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকেরের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালের ১১ ডিসেম্বর পরিবারের সম্মতি ছাড়াই বিয়ে করেন রাফি ও মারিয়া। চলতি বছরের ১ এপ্রিল তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় রিক্তা।
শিশুটির বাবা জানান, বৃহস্পতিবার সকালে টিকার কার্ড আনার কথা বলে মারিয়া নবজাতক সন্তানকে ঘরে রেখে বের হয়ে যান। এরপর ৪৮ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি।
এদিকে মায়ের অনুপস্থিতিতে শিশুটি অবিরাম কাঁদছে। পরিবারের সদস্যরা নানা উপায়ে তাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। এতে শিশুটির বাবা চরম উদ্বেগ ও মানসিক চাপে রয়েছেন।
রাফির অভিযোগ, তার শাশুড়ির এক বান্ধবী রেহানা নামের এক স্কুল শিক্ষিকার প্ররোচনায় এই ঘটনা ঘটেছে।
তিনি দাবি করেন, স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালে ওই নারী গর্ভপাতের জন্য চাপ দিয়েছিলেন এবং পরবর্তীতে তার প্ররোচনায় মারিয়া নবজাতক সন্তানকে রেখে চলে যান।
রাফি আরও জানান, তিনি রেহানার বাসায় গিয়ে স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলে তাকে গালিগালাজ করা হয় এবং হুমকি দেওয়া হয়। সেখানে তিনি তার স্ত্রী ও শাশুড়িকে দেখেছেন বলেও দাবি করেন।
তবে এ বিষয়ে মারিয়া ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ বিশ্বাস জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, মারিয়াকে তার বাবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. ফরিদুল আলম বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।