খুলনা অফিস
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ২১:৫৩ পিএম
ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে আগামী চার মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চেম্বারের দুই বিতর্কিত কর্মকর্তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার নির্দেশও জারি করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে বুধবার জারি করা পৃথক দুটি অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
প্রথম আদেশে বলা হয়, খুলনা চেম্বারের প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর দায়িত্ব ২৯ এপ্রিল শেষ হয়েছে। চেম্বারের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্য সচল রাখার স্বার্থে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার আওতায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, নবনিযুক্ত প্রশাসককে চার মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে, এবং সে বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
অন্য এক আদেশে বলা হয়েছে, খুলনা চেম্বারের চুক্তিভিত্তিক সচিব নূর রুখসানা বানু এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (এস্টেট) বিশ্বরূপ সরকারের বিষয়ে নিয়োগবিধি ও চুক্তির শর্ত অনুযায়ী নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত চেম্বারের সব ধরনের কার্যক্রম থেকে তাদের সাময়িক অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।