প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ২১:২৪ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬ ২১:২৮ পিএম
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার আন্তর্জাতিক শব্দ দূষণ সচেতনতা দিবস পালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার সকালে আয়োজিত এক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শব্দদূষণকে একটি ‘নীরব ঘাতক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, শব্দদূষণ আমাদের দৈনন্দিন জীবনে ও স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। নাগরিক হিসেবে আমাদের কিছু সুঅভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে অযাচিত শব্দ এড়াতে আমরা আমাদের মোবাইল ফোনটি সাইলেন্ট (নীরব) রাখার অভ্যাস করতে পারি। ফোনের রিংটোন যেন অন্যের বিরক্তির কারণ না হয়, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন।
তিনি আরও বলেন, আসুন আমরা মোবাইল ফোন সাইলেন্ট রাখি এবং শব্দদূষণ থেকে বিরত থাকি। বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে জনসচেতনতার বিকল্প নেই। আসুন, শব্দকে দূষণের পর্যায়ে না নিয়ে গিয়ে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলি।
এ সময় তিনি গাজীপুরকে একটি সহনীয় ও স্বাস্থ্যসম্মত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আরেফিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।
আলোচনা সভায় বক্তারা শব্দদূষণের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি, সামাজিক ও পরিবেশগত ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও বিধিমালার কঠোর বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে গাজীপুর জেলায় শব্দদূষণ প্রতিরোধে বর্তমান ও ভবিষ্যতে গ্রহণীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে মতবিনিময় করা হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষার্থী, বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, রেড ক্রিসেন্টের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।