রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১৩:৪৯ পিএম
রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্ত করছে পুলিশ। প্রতীকী ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের কয়েকজন সকালে বিলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো মঙ্গলবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। রাতে বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা।
এরপর বুধবার সকালে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায় বলেও জানান তারা।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসনুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে, বলেন ওসি।