কালিয়া (নড়াইল) প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১২:৫৮ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬ ১৩:০৩ পিএম
ঝড়ে স্কুল ভবনের উপর গাছ ভেঙে পড়ে দুমড়ে-মুচড়ে যায় শ্রেণিকক্ষ এবং এতে দুই শিক্ষার্থী আহত হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নড়াইলের কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকায় বুধবার ঝড়ে একটি নারিকেল গাছ ভেঙে শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলের টিন দিয়ে নির্মত একটি শ্রেণিকক্ষের ওপর পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
এদিন সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশুর একজন সিয়াম শেখ (১১) ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে এবং অপরজন রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে বিদ্যালয় প্রাঙ্গণের পাশে থাকা ঝুঁকিপূর্ণ একটি পুরনো নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে ক্লাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আহতদের চিকিৎসার সকল ব্যয় স্কুল কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়েছে। পাশাপাশি স্কুলের সকল কাগজপত্র তলব করা হয়েছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কেন আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি—সে প্রশ্নেরও স্পষ্ট জবাব মেলেনি।
গাফিলতির অভিযোগ
এদিকে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ বা ছাঁটাই না করায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী।
তাদের দাবি, সময়মতো ব্যবস্থা নিলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।
স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরা।